‘ব্যস্ততা ঠিক একই গতিতে চলছে’

‘ব্যস্ততা ঠিক একই গতিতে চলছে’

ফন্ট সাইজ:

হঠাৎ করেই শনিবার রাতে গুজব ছড়ায় গ্রেপ্তার হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে গুজবটি। বিষয়টি নিয়ে সেদিন মধ্যরাতে কথা হয় এ শিল্পীর সঙ্গে। তিনি প্রথমেই উড়িয়ে দেন বিষয়টি। আসিফ স্বভাবসুলভ ভঙ্গিতে জানান, গত দেড় ঘণ্টা ধরে পাগল হয়ে যাচ্ছি ফোন সামলাতে গিয়ে। সবাই খোঁজ নিচ্ছেন। এটা কারা, কী কারণে ছড়িয়েছে- সেটা আমি জানি না। তবে যারা ছড়িয়েছে তাদের উদ্দেশ্য যে ভালো নয়, সেটা বলতে পারি। এদিকে, আসিফ আকবর জানান, এসব গুজব কিংবা গুঞ্জনে কান না দিয়ে তিনি দিব্যি ব্যস্ত রয়েছেন গান নিয়ে। গানের বাইরের সময় পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন।

গত দুই ঈদে বেশ কিছু গান প্রকাশ হয়েছে এ তারকার। এর মধ্যে নিজের চ্যানেলে যেমন তিনি গান প্রকাশ করেছেন আবার বিভিন্ন কোম্পানির ব্যানারে প্রকাশ হয়েছে তার গান। এর মধ্যে কোরবানির ঈদের কয়েকদিন আগে প্রকাশ হয়েছে তার কণ্ঠে ‘রূপসী শ্রীমঙ্গল’ শীর্ষক গান। এতে তার সহশিল্পী প্রবাসী কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান। গানটি শ্রোতামহলে বেশ প্রশংসিত হচ্ছে। ঈদে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশ হয়েছে তার গান ‘জানতে ইচ্ছে হয়’। অন্যদিকে, গত রোজার ঈদে সাউন্ডটেক থেকে প্রকাশ হয়েছে তার গান ‘ভুল’।

আর নিজের চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করছেন আসিফ। এদিকে, নিজের ব্যস্ততা প্রসঙ্গে আসিফ বলেন, ব্যস্ততা ঠিক একই গতিতে চলছে। নিয়মিত গান রেকর্ডিংয়ে সময় দিচ্ছি। আমি সব সময়ই বলি আমি শ্রোতাদের কণ্ঠশিল্পী। তাই তাদের প্রতি কমিটমেন্ট হিসেবে এই গান প্রকাশের ধারাটা চলবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন