রায়পুরে মাছঘাটের আধিপত্যকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে স্থানীয় হাসপাতালে এবং বাকিদের মধ্যে রাব্বি (২২), ফরহাদ (২৭), সুমন (৩০) ও দেলোয়ার (৩২) গুরুতর আহত বলে জানা গেছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর ও ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের সাজু মোল্লার মাছঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতা শফি উদ্দিন অভিযোগ করেন, একই ইউনিয়নের বিএনপি নেতা ফারুক সরদার, যুবদল নেতা আবুল কালাম আজাদ (বলি) ও তারেক সরদারের নেতৃত্বে শতাধিক বহিরাগত লোক মাছঘাট দখলের উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। এতে বাধা দিতে গেলে রাব্বি ও ফরহাদসহ অন্তত ৮ জন আহত হন। তবে অভিযোগ অস্বীকার করে ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি ফারুক সরদার বলেন, গত ১৭ বছর ধরে আমি ও কয়েকজন মিলে যৌথভাবে ঘাট পরিচালনা করে আসছি।
এদিকে উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ (বলি) বলেন, ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। বরং আমি মারামারি থামানোর চেষ্টা করেছি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান।
উল্লেখ্য, এর আগে গেল বছরের ৭ই এপ্রিল উপজেলার উত্তর চরবংশীর মালেক খাঁ ব্রিজ সংলগ্ন এলাকায় বিএনপি’র দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে স্পেন প্রবাসী সাইজউদ্দিন দেওয়ান ও জসিম উদ্দিন বেপারী নিহত হন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
