দাদার সঙ্গে গোসলে নেমে নদীতে ডুবে শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

রাঙ্গামাটির কাপ্তাইয়ে দাদার সঙ্গে গোসল করতে গিয়ে মোছা. মোসকান (৭) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে কাপ্তাই উপজেলার শিলছড়ি চেয়ারম্যান ঘাটা সংলগ্ন কর্ণফুলী নদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সরোয়ার। জানা গেছে, শিলছড়ি ভেলুয়াছড়া এলাকার সিএনজি চালক মো. মুছার মেয়ে মোসকান তার দাদা মো. ইউসুফের সঙ্গে কর্ণফুলী নদীতে গোসল করতে যায়।

গোসলের একপর্যায়ে দাদার অজান্তে শিশুটি নদীর গভীর পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে শিশুটিকে পাশে না দেখে তার দাদা ধারণা করেন, সে হয়তো বাড়িতে ফিরে গেছে। পরে বাড়িতে খোঁজ করে না পেয়ে আবার নদীর পাড়ে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন