নেছারাবাদে পুড়ে ছাই ১৭ দোকান

ফন্ট সাইজ:

পিরোজপুরের নেছারাবাদের মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। গত শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে বন্দরের মাছ বাজার সংলগ্ন রশিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে প্রায় ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতির কথা জানিয়েছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ধারণা ফায়ার সার্ভিসের। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাত ১০টার দিকে অধিকাংশ ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি চলে যান। এ সময় কয়েকটি দোকান খোলা ছিল। হঠাৎ রশিপট্টি এলাকার একটি দোকান থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসেন। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সূত্রপাত বিদ্যুতের শর্টসার্কিট থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত কীটনাশক ও সার ব্যবসায়ী মো. রিয়াদ কাজী বলেন, আগুন লাগার পর কিছুই বের করতে পারিনি। কোটি টাকার মালামাল পুড়ে গেছে। রশি ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, গত বছরও একই গলিতে ভয়াবহ আগুন লেগেছিল। কিন্তু স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়নি।

নেছারাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. মনিরুল ইসলাম জানান, রশিপট্টিতে লাইলনের রশি থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এতে ১৭টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মানুষের জানমাল রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দায়িত্ব পালন করেছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এবং প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন