উখিয়ায় ডিএনসি অভিযানে ইয়াবা রহস্য

ফন্ট সাইজ:

উখিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ অঞ্চলের একটি অভিযানে ইয়াবা উদ্ধারের ঘটনায় ধোঁয়াশা ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ইয়াবার বড় একটি অংশ এজাহারে গোপন রাখা হয়েছে। এ ছাড়া ইয়াবার মূল মালিকদের বাদ দিয়ে শুধুমাত্র বাহকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। গত ১৪ই মে সকাল সাড়ে ১১টার দিকে উখিয়া উপজেলার সোনারপাড়া সড়কে অভিযান চালায় ডিএনসি টেকনাফ অঞ্চলের একটি আভিযানিক দল।

এ সময় একটি এমটি-৫০ মডেলের মোটরসাইকেলসহ ইসহাক নামে এক যুবককে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, আটক ব্যক্তির কাছ থেকে কমপক্ষে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল। স্থানীয় সূত্রে জানা যায়, আটক ইসহাক উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার ইয়াহিয়া ড্রাইভারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে একই এলাকার সাবেক ইউপি সদস্য বখতিয়ার ও তার ভাই জাহাঙ্গীরের ইয়াবা বাহক হিসেবে কাজ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। অভিযানে জব্দ করা মোটরসাইকেলটিও সাবেক ইউপি সদস্য বখতিয়ারের ব্যবহৃত বলে দাবি স্থানীয়দের।

পরে উখিয়া থানায় দায়ের করা এজাহারে উদ্ধার হওয়া ইয়াবার সংখ্যা উল্লেখ করা হয়েছে মাত্র ৬৭ হাজার ২০০ পিস। এ ছাড়া মামলায় আসামি করা হয়েছে শুধুমাত্র ইসহাককে। অভিযোগে উঠে আসা বখতিয়ার ও জাহাঙ্গীরের নাম এজাহারে অন্তর্ভুক্ত করা হয়নি। এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, যদি প্রকৃতপক্ষে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার হয়ে থাকে, তাহলে বাকি ইয়াবাগুলো কোথায় গেল। এ বিষয়ে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ অঞ্চলের সহকারী পরিচালক কাজী দিদারুল আলম প্রথমে অভিযানের বিষয়টি অস্বীকার করেন।

পরে অভিযান পরিচালনার কথা স্বীকার করলেও উদ্ধার হওয়া ইয়াবার প্রকৃত সংখ্যা নিয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তেজিত হয়ে ফোন কেটে দেন। অন্যদিকে উখিয়া থানার একটি সূত্র নিশ্চিত করেছে, ডিএনসি’র দায়ের করা মামলায় ৬৭ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধারের কথা উল্লেখ করা হয়েছে এবং আটক ইসহাককে থানায় সোপর্দ করা হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তারা পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত এবং উদ্ধার হওয়া ইয়াবার প্রকৃত হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন