চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ট্রাক ডিপোতে গভীর রাতে জুয়ার আসরে যৌথ অভিযানে তিনজনকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। গতকাল রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গামারিতল এলাকার সোহেল ট্রাক ডিপোতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেয় সীতাকুণ্ড থানা পুলিশ।
এ ছাড়া একই রাতে থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়াড়িসহ বিভিন্ন মামলায় মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দণ্ডপ্রাপ্তরা তিনজন হলো- ট্রাকচালক নাজিম উদ্দিন (৪৭), সিএনজিচালিত অটোরিকশাচালক মো. আজম (২৯) ও জাহাজ ভাঙা শ্রমিক কামাল হোসেন (৪৭)। তাদের বাড়ি উপজেলার কদম রসুল, শীতলপুর ও পাক্কা মসজিদ এলাকায়। উপজেলা প্রশাসন সূত্র জানায়, ট্রাক ডিপোর ভেতরে একাধিক দলে ভাগ হয়ে প্রায় ৪০ থেকে ৫০ জন জুয়া খেলছিল। পরে সেখানে অভিযান চালালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ জুয়াড়ি পালিয়ে যায়।
তবে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও এক জোড়া নূপুর উদ্ধার করা হয়। অভিযান প্রসঙ্গে ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, আটককৃতদের একজন নিজের মেয়ের নূপুর নিয়ে জুয়ার আসরে এসেছিলেন। মেয়েটি বাধা দিয়ে কান্নাকাটি করছিল বলেও আমরা জানতে পেরেছি। তবে উদ্ধার হওয়া নূপুর নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে পুলিশ। সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, কামাল হোসেন তার মেয়ের জন্য মেলা থেকে কেনা নূপুর জুয়ার আসরে নিয়ে আসেন। পরে যাচাই করে দেখা গেছে, এগুলো রুপার নয়, সিসার তৈরি। তিনি আরও জানান, একই রাতে জুয়ার আসর থেকে আটক তিনজন ছাড়াও মাদক, ওয়ারেন্ট ও অন্যান্য মামলায় আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দণ্ডপ্রাপ্ত তিনজনকে কারাগারে পাঠানো হয়।
