ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধসহ দুইজনের মৃত্যু

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ফুলপুরে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে এক বৃদ্ধসহ দুইজন মারা গেছেন। শুত্রবার দুপুর সোয়া দুইটার দিকে উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে তাজউদ্দিন (৪০) ও মৃত মিয়া হোসেনের ছেলে আরশব আলী (৬০)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সোয়া দুইটার দিকে তাইজউদ্দিন বাড়ির পাশে খড় শুকানোর কাজ করছিল। ঝড়ো বাতাসে পড়ে যাওয়া বিদ্যুতের তার খড়ের নিচে ছিল, যা আইজুলের জানা ছিল না।

তিনি খড় শুকানোর কাজ করার একপর্যায়ে পড়ে থাকা ওই তারে স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার পাশ দিয়ে কাজ করার জন্য মাঠে যাওয়া আরশব আলী তাকে দেখেন। আরশব আলী তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। মৃত ঘোষণা করার পর হাসপাতাল থেকে মরদেহ স্বজনরা নিজেদের বাড়িতে নিয়ে যায়। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং মরদেহ নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। ফুলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল বাশার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। নিহতের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন