নড়াইলে ছেলের সামনে বাবাকে কুপিয়ে জখম করার অভিযোগ

ফন্ট সাইজ:

নড়াইলের লোহাগড়ায় কিশোর গ্যাং কর্তৃক ছেলে শোয়াইবের সামনে পিতা আব্দুর রহিম শিকদার (৩৬)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ সুইজগেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। কিশোর গ্যাংয়ের হামলায় আহত রহিম শিকদার লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের আবু সাঈদ শিকদারের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক।

জানা যায়, বৃহস্পতিবার সকালে রহিম শিকদারের ছেলে শোয়াইব শিকদার (১২) ধোপাদহ এলাকা দিয়ে ভ্যানে করে যাচ্ছিলেন। পূর্ব শত্রুতার জেরে ওই এলাকার শাহজাহান শেখের ছেলে আজিম শেখ তাকে মারধর করে। আজিম শেখ লোহাগড়া এলাকায় কিশোর গ্যাং নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে তিনি ছেলে শোয়াইব ও কয়েকজনকে সঙ্গে নিয়ে ধোপাদহ সুইজগেট এলাকায় যান ছেলেকে মারধর করার কারণ জানতে। এ সময় আগে থেকেই ওত পেতে থাকা আজিমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত রহিম শিকদারের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহতের ছেলে শোয়াইব জানান, আমার সামনে আজিম, তার বড় ভাই ও বাবা মিলে আব্বুকে কোপাইছে। ঠেকানোর চেষ্টা করছি। তারা কোনো কথা শোনেনি। এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন