মেঘনায় জামিনে বের হয়ে মামলা তুলে নিতে হুমকি, থানায় জিডি

মেঘনায় জামিনে বের হয়ে মামলা তুলে নিতে হুমকি, থানায় জিডি

ফন্ট সাইজ:

কুমিল্লার মেঘনা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও টেঁটা যুদ্ধের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় আল-আমিনের বসতঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। একই ঘটনায় পর মামলার বাদীকে মামলা তুলে নিতে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগও পাওয়া গেছে।

জানা যায়, সালাম গ্রুপ ও মনোয়ার মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছিল। এরই জেরে গত ১৯শে এপ্রিল বিকালে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মৈশারচর গ্রামে সালাম গ্রুপ ও মনোয়ার মেম্বার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সংঘর্ষ চলাকালে মনোয়ার মেম্বার গ্রুপের লোকজন আল-আমিনের ভবনে অগ্নিসংযোগ করে এবং আশপাশের আরও কয়েকটি ঘরে ভাঙচুর চালায়। এ ঘটনায় আব্দুস সালামের ছেলে আল-আমিন বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০-৩০ জন অজ্ঞাত আসামিসহ মোট ৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এদিকে, বাদীপক্ষকে মামলা তুলে নিতে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে আব্দুছ ছালাম (৬৮) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন। তিনি অভিযোগ করেন, গত ২১শে এপ্রিল মনোয়ার হোসেন (মনা)সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর থেকেই প্রতিপক্ষ মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ ও হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে, অভিযুক্ত মনোয়ার মেম্বারের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মামলা চলমান আছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। হুমকি-ধমকির বিষয়ে একটি জিডি হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন