ধোবাউড়ায় ১৩ বস্তা ভারতীয় মদসহ তিন মাদক কারবারি আটক, জব্দ পিকআপ

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ধোবাউড়ায় ১৩ বস্তা ভারতীয় মদসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ। ঈদকে সামনে রেখে ধোবাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ বস্তায় ৫৪৯ বোতল বিভিন্ন ব্যান্ডের মদসহ তাদের আটক করে। আটককৃত মাদকের আনুমানিক মূল্য সাড়ে ১১ লাখ টাকা। আটককৃত তিনজনের মধ্যে দুইজনের বাড়ি রংপুর এবং একজনের বাড়ি ফুলবাড়িয়া উপজেলায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে কলসিন্দুর ঘাটপাড় এলাকায় ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই সাকিব, এএসআই শরিফ উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে।

এ সময় একটি পিকআপ ভর্তি ১৩ বস্তা ভারতীয় মদসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার জাহাঙ্গীর আলম (২৭), তানজিমুল মণ্ডল (২৩) এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার সাইদুল ইসলাম (৪২)। এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি হিসেবে রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সুপার স্যারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতদের নামে মাদক আইনে মামলা রুজু করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন