‘এবার সরকারিভাবে বিদেশ থেকে কোনো পশু আমদানি করা হচ্ছে না’

‘এবার সরকারিভাবে বিদেশ থেকে কোনো পশু আমদানি করা হচ্ছে না’

ফন্ট সাইজ:

সাভারে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এবার দেশীয় পশু দিয়েই কোরবানি হবে এবং দেশে ১ কোটির বেশি কোরবানির পশু রিজার্ভ রয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে বিএলআরআই’র সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

বর্তমান সরকার শতভাগ কৃষিবান্ধব সরকার উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে কোরবানির ঈদে যে পরিমাণ গরু, মহিষ, ভেড়া ও ছাগলের প্রয়োজন-সেই তুলনায় পর্যাপ্ত পরিমাণ জোগান আছে, ঘাটতি হওয়ার কোনো কারণ নেই। তিনি আরও বলেন, এবার সরকারিভাবে বিদেশ থেকে কোনো পশু আমদানি করা হচ্ছে না। এ ছাড়া চোরাই পথে যাতে না আসে সেজন্য ব্যাবস্থা নেয়া হয়েছে। চামড়ার দামের বিষয়ে মন্ত্রী বলেন, গতকালই আমরা বাণিজ্য মন্ত্রীর উপস্থিতিতে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে একটা নতুন দাম নির্ধারণ করেছি। চামড়ার দাম কমবেশি হওয়াটা নির্ভর করে আন্তর্জাতিক বাজারের ওপর।

এ ছাড়া বাজারে গরুর মাংসের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাওয়ার কারণ জানতে চাইলে মন্ত্রী বলেন, উৎপাদনের সঙ্গে সবকিছুর দাম নির্ভর করে। আমরা চাচ্ছি কতো কমদামে গরু লালনপালন করা যায়, কতো উন্নত জাতের ঘাস উৎপাদন করা যায়। আমাদের অসংখ্য চর আছে, যেখানে মহিষ পালন করা হয়। এসব মহিষের খাবার যদি আমরা সহজলভ্য করতে পারি সেখান থেকে আমরা হিউজ সাপোর্ট পাবো। আজকে আমরা এখানে এসেছি যাতে ওইসব চরের মধ্যে আমরা মহিষের জন্য ঘাষ উৎপাদনের ব্যবস্থা করতে পারি তাহলে তারা পেট ভরে খেতে পারবে। তার মানে আমাদের পশু উৎপাদন বেড়ে যাবে। বিগত সরকার কৃষিবান্ধব ছিল না বলেই গবাদিপশুর খাবার বাইরে থেকে আমদানি করা হয়েছিল। আজকে এখানে এসেছি কমদামে যাতে মাংস উৎপাদন করে দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা যায়। এজন্য নতুন জাত উদ্ভাবনের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। দুপুরে বিএলআরআই’র সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ ও মতবিনিময় সভা শুরু হয়ে বিকালে শেষ হয়। এ সময় বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (সাময়িক দায়িত্ব) ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ এর সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন