ইয়াবা খেয়ে বিপাকে যুবক

ইয়াবা খেয়ে বিপাকে যুবক

ফন্ট সাইজ:

মাদারীপুরে গোয়েন্দা পুলিশের গ্রেপ্তার এড়াতে ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে বেকায়দায় পড়েছে যুবক। গুরুতর অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার দুপুরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে। গ্রেপ্তার সোহাগ ফকির (৩৬) সদর উপজেলা পশ্চিম রাস্তি গ্রামের মৃত মোফাজ্জেল ফকিরের ছেলে।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযানে সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় যায় জেলার গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় সেখানকার একটি ’স মিলের পাশ থেকে পশ্চিম রাস্তি গ্রামের সোহাগ ফকিরকে আটক করে ডিবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে সোহাগ তার সঙ্গে থাকা একটি প্যাকেট ছিঁড়ে ১৯টি ইয়াবা গিলে খেয়ে ফেলে। পরে তার শরীরের বিভিন্ন স্থানে তল্লাসি চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় আরেকটি প্যাকেটে থাকা ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে জেলার পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত গোয়েন্দা পুলিশের অফিসে নিয়ে আসা হয়। এ সময় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় মাদারীপুর জেলা হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে পাঠানো হয় ঢাকা মেডিকেলে।

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাঈম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেছেন চিকিৎসক। গ্রেপ্তার এড়াতেই মূলত সে ইয়াবা গিলে খেয়ে ফেলেছে।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন