‘সরাইলে মতবিনিময় সভা

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। গতকাল তিনি এসব কর্মসূচি বাস্তবায়ন করেছেন। গতকাল দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মিলিত হন জেলা প্রশাসক।

সভায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, জনপ্রতিনিধি, কলেজের অধ্যক্ষ, স্কুল শিক্ষক, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন, সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদরউদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, মো. মাহফুজুর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা কুতুব উদ্দিন, পাইলট বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, উত্তর কালীকচ্ছ মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আইয়ুব খান, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম, সরাইল সদর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল জব্বার, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া ও সুকের পরিচালক মো. মোমিন হোসেন প্রমুখ। সরাইল পাবলিক লাইব্রেরির বর্তমান দুর্দশার চিত্র, মাদকের বিস্তৃতি, সরাইল সদরসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেই জলাবদ্ধতায় জনদুর্ভোগ ও উপজেলা প্রশাসন পাড়ায় নিয়মিত চুরি হওয়ার বিষয়গুলো গুরুত্ব সহকারে জেলা প্রশাসককে অবহিত করেন বক্তারা। এ ছাড়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গিবাদ, সন্ত্রাসবিরোধী জনসচেতনতা ও বাল্যবিয়ে প্রতিরোধকরণ বিষয়ে সভায় আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, পাবলিক লাইব্রেরির বিষয়টি আমি জানি। দ্রুততম সময়ের মধ্যে পাবলিক লাইব্রেরিটি সংস্কার করে আগের অবস্থায় ফিরিয়ে নেবো। আর মাদকের বিষয়ে কোনো ধরনের ছাড় নেই। উপজেলার মাদক প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য তিনি উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

সেইসঙ্গে উপজেলা প্রশাসন পাড়ার বিভিন্ন সরকারি দপ্তরে নিয়মিত চুরি ঠেকাতে সার্বিক ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। এর আগে জেলা প্রশাসক নির্বাহী কর্মকর্তার দপ্তর, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, সরাইল থানা, সরকারি অন্নদা উচ্চ বিদ্যালয়, সরাইল একাডেমি ও উপজেলা পাবলিক লাইব্রেরিটি পরিদর্শন করেছেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন