ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের মাঝে এক শিশুর বয়স তিন মাস ও আরেকজনের ১০ মাস। মৃত শিশুর মধ্যে একজন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও অন্যজন জামালপুরের বাসিন্দা। এ নিয়ে হাসপাতালে প্রায় দুই মাসে ৩১ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
জামালপুরের বাসিন্দা তিন মাস বয়সী শিশুটিকে হামের উপসর্গে গত ১১ই মে হাসপাতালটিতে ভর্তি করা হয়েছিল। সে গত মঙ্গলবার বিকালে মারা যায়। আর ঈশ্বরগঞ্জের ১০ মাস বয়সী শিশুটিকে গত ৫ই মে ভর্তি করা হয়েছিল। বুধবার ভোরে মারা যায়। হাসপাতালের তথ্যমতে, চলতি বছরের ১৭ই মার্চ থেকে ১৩ই মে পর্যন্ত মোট ১ হাজার ২৯৩ জন হাম আক্রান্ত ও হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৬৬ জন। একই সময়ে মোট ৩১ জনের মৃত্যু হয়েছে। হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ৯৬ শিশু। হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার বলেন, ‘টিকার কার্যকারিতা শুরু হলে হামের প্রকোপ কমে যাবে।’
