শাশুড়িকে হত্যা জামাতার মৃত্যুদণ্ড

ফন্ট সাইজ:

ময়মনসিংহের হালুয়াঘাটে শাশুড়িকে কুপিয়ে হত্যা মামলায় জামাতা শ্রী সুজিত চন্দ্র শীল (৪৭) কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রী সুজিত চন্দ্র শীল জেলার ফুলপুর উপজেলার চনিয়া মোড় এলাকার অবলেশ শীলের ছেলে। বুধবার দুপুরে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

বেঞ্চ সহকারী আব্দুল হক শাশুড়িকে কুপিয়ে হত্যা মামলায় জামাতাকে মৃত্যুদণ্ড দেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে গত ২০২১ সালের ৭ই অক্টোবর ভোররাতে ফুলপুর উপজেলার কৈচাপুর ইউনিয়নের কড়ইকান্দা গ্রামের মৃত অমূল্য শীলের স্ত্রী জোছনা রানী শীল ও তার মেয়ে ইতি রানী শীলকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করে সুজিত। এই ঘটনা দেখে ইতির সন্তানরা চিৎকার করলে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জোছনাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর ওইদিন নিহতের মেয়ে সন্ধ্যা রানী শীল বাদী হয়ে সুজিতকে আসামি করে হালুয়াঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার ১৭ সাক্ষীর সাক্ষগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড প্রদান করে আদালত।
মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি এডভোকেট আকরাম হোসেন ও আসামি পক্ষে এডভোকেট হাসিবুল হাসান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন