ঢাকার দোহারের বিলাসপুরের রাধানগরের ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার কাঁটাখালী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ঘরে ঘুমিয়ে ছিলেন দুবাই প্রবাসী সেলিমের স্ত্রী জুঁথী আক্তার। এ সময় তার সঙ্গে ঘুমিয়ে তাদের ১১ বছর বয়সী ছেলে ইয়ামিন ও ৫ বছরের মেয়ে সামিয়া আক্তারসহ শাশুড়ি জবেদা বেগম।
পরে রাতের কোনো একসময় শব্দ পেয়ে জেগে ওঠেন জবেদা। চোখ খুলেই দেখেন ঘরের ভেতর আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে দুই নাতি-নাতনি ও মেয়েকে নিয়ে ঘর থেকে বের হয়ে আসেন তিনি। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পরিবার সূত্রে জানা যায়, দুবাইয়ে সেলিমের আকামার জন্য বাড়িতে নগদ দুই লাখ টাকা রাখা ছিল। আগুনে সেই টাকাও পুড়ে গেছে।
সেলিমের স্ত্রী জুঁথী বলেন, ধারদেনা করে স্বামীকে প্রবাসে পাঠিয়েছিলাম পরিবারের ভালো দিনের আশায়। ফার্নিচার, কাপড় কিছুই বের করতে পারিনি। এখন সবই শেষ আমার। স্থানীয়দের দাবি, পরিবারটি বর্তমানে চরম অসহায় অবস্থায় রয়েছে। সরকার ও বিত্তবানদের সহযোগিতা পেলে হয়তো আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে তারা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম বলেন, ঘটনাটি দুঃখজনক। বিষয়টি জেনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
