সেতু ভেঙে বিচ্ছিন্ন যোগাযোগ

সেতু ভেঙে বিচ্ছিন্ন যোগাযোগ

ফন্ট সাইজ:

নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পূর্ব কামারকাঠি গ্রামসহ স্বরূপকাঠি সদর ইউনিয়নের বালিহারি গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা একটি গুরুত্বপূর্ণ সেতু হঠাৎ ধসে পড়েছে। এতে অন্তত দশ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ পথচারীরা। ঘটনাটি ঘটেছে জলাবাড়ী ও স্বরূপকাঠি সদর ইউনিয়নের বালিবাড়ী-পূর্ব কামারকাঠি গ্রামে।

জানা গেছে, প্রায় সপ্তাহখানেক আগে দুপুরের দিকে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোগাড়ি নড়বড়ে সেতুটি পার হচ্ছিল। কিছু সময় পর হঠাৎ বিকট শব্দে সেতুর মাঝের অংশ ধসে খালের মধ্যে পড়ে যায়। এ সময় কয়েকজন পথচারী অল্পের জন্য প্রাণে রক্ষা পান। এলাকাবাসী জানান, সেতুটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করতেন। এই পথ ব্যবহার করে শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতেন, কৃষকরা উৎপাদিত ফসল বাজারে নিয়ে যেতেন এবং রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছাতে হতো। সেতু ভেঙে যাওয়ার পর এখন কয়েক কিলোমিটার ঘুরে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে। বর্তমানে স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা সেতুর ওপর সুপারি গাছ ফেলে অস্থায়ীভাবে চলাচল করছেন। এতে ছোট ছোট শিক্ষার্থী ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন।

স্থানীয় বাসিন্দা মো. সিদ্দিকুর রহমান বলেন, ব্রিজটির বয়স প্রায় পনেরো বছর। নিম্নমানের সামগ্রী দিয়ে ব্রিজটি তৈরি হয়েছিল। যে কারণে গেল বছর দেড়েক সময় থেকে ব্রিজটি ক্রমেই নাজুক হয়ে পড়েছিল। হঠাৎ গত কয়েকদিন পূর্বে এটি ভেঙে পড়েছে। এই ব্রিজ দিয়ে দুইটি গ্রামের মানুষ যাতায়াত করে। কাছাকাছি বিকল্প সড়ক না থাকায় সুপারি গাছ বিছিয়ে কোনোমতে চলাচল করা হয়। এতে ঝুঁকিতে আছে ছোট ছোট স্কুল ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা। ব্রিজের পাশের বাসিন্দা মো. সুলতান মাহমুদ বলেন, ব্রিজটি সপ্তাহখানেক পূর্বে ভেঙে পড়ায় রাস্তা দিয়ে এখন কোনো গাড়ি, সাইকেল বা রিকশা চলতে পারে না।

এতে বিশেষ দুর্ভোগে পড়েছে অসুস্থ মানুষ ও কৃষক ভাইয়েরা। স্থানীয় ইউপি সদস্য সুমন সমাদ্দার বলেন, ব্রিজ ভেঙে যাওয়া স্থানীয় বাসিন্দারা খুবই দুর্ভোগে আছেন। ব্রিজ ভাঙার কারণে এই রাস্তায় কোনো যান চলাচল করতে পারে না। এতে এখানকার বাসিন্দারা অসুস্থ রোগী নিয়ে বেশি বিপদে পড়ছেন। এ বিষয়ে ইউনিয়ন পরিষদে কথা বলেছি। এখন পরিষদ যা করে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন