চট্টগ্রামে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে সাগরিকা ফ্লাইওভার থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তবে ঘটনাটি মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। নিহত কাউসার আহমেদ আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে। স্থানীয়রা জানান, সোমবার রাতে সাগরিকা ফ্লাইওভারে একটি মরদেহ ঝুলতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পাহাড়তলী থানা পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এদিকে মরদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরের সাবেক কয়েকজন নেতা মঙ্গলবার রাতে ফেসবুকে দাবি করেছেন, কাউসারকে পরিকল্পিতভাবে হত্যা করে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে হত্যার দাবিকে গুজব বলছে পুলিশ। প্রাথমিকভাবে তাদের ধারণা কাউসার আত্মহত্যা করেছেন। পাহাড়তলী থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মাসুদুর রহমান জানান, নিহত ব্যক্তি বিএসআরএম-এ নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।

তিনি মাদকাসক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন বলে পরিবারের কাছ থেকে জানা গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করছে পুলিশ।
তিনি আরও বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তারপরও নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন