মধু মাসের আগেই মাগুরার বাজারে সয়লাব হয়ে গেছে অপরিপক্ব লিচু। মধু মাস এখনো শুরু না হলেও মাগুরার হাটে বাজারে দেখা মিলছে অপরিপক্ব লিচুর। এ লিচু আকারে ছোট, স্বাদে টক এবং রাসায়নিক ব্যবহার করে পাকানো এসব লিচু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞজনেরা। মাগুরার পুরাতন বাজার, নতুন বাজার, জামরুলতলা, ঢাকা রোড, ভায়না মোড়, কলেজের সামনে রাস্তার পাশে এসব অপরিপক্ব লিচু বিক্রি করতে দেখা গেছে। বিক্রেতারা বলেন, বাগান থেকে আগাম জাতের লিচু ক্রয় করেছেন তারা। বাগানের মালিক বৃষ্টিতে লিচু নষ্ট হওয়ার ভয়ে আগেই বাগান থেকে বিক্রি করে দিচ্ছেন বলে জানান তারা।
তাই বেশি লাভের আশায় আগেই বাগান থেকে লিচু সংগ্রহ করছেন বিক্রেতারা। লিচু ক্রেতা গৃহিণী নাজমুন্নাহার রত্না বলেন- লিচু কিনতে এসে দেখি বাজারের লিচুগুলো পরিপক্ব হয়নি। লিচুগুলো স্বাদে টক ও মিষ্টি কম। দাম অনেকটাই হাতের নাগালে থাকায় সংগ্রহ করেছি। কৃষি বিভাগ বলছে, বাজারের যেসব কিছু দেখা যাচ্ছে তা এখনো পরিপক্ব হয়নি। ভালো লিচু আসতে এখনো ২০ থেকে ২৫ দিন সময় লাগবে। কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় বাগান থেকে অপরিপক্ব লিচু ক্রয় করছে। অনেক সময় অপরিপক্ব লিচু খেলে স্বাস্থ্যগত সমস্যাও রয়েছে।
এদিকে লিচুর বাগান মালিক আকামত বলেন, এক গাছে সব লিচু একসঙ্গে পাকে না। কিছু পাকা থাকে কিছু কাঁচা। আবার বাদুর ও পাখি আক্রমণে লিচুর ক্ষতি হয়। আইনি কারণে গাছে জাল ব্যবহার করা যায় না। অনেক সময় বাধ্য হয়ে বাগান মালিকরা আংশিক লিচু বিক্রি করে দেন। ঝড় বৃষ্টি বেশি হলে লিচুর ক্ষতি হতে পারে এই ভয়ে মালিকরা অপরিপক্ব লিচু বিক্রি করে দেন বলে জানান তিনি।
