কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি

কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের কুমিল্লায় আগমন উপলক্ষে সর্বস্তরের প্রস্তুতি গ্রহণ করছে প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। আগামী ১৬ই মে প্রধানমন্ত্রী চাঁদপুর জেলা সফরের সময় কুমিল্লার বরুড়ায় কুমিল্লা চাঁদপুর সড়কের পাশে পথসভায় অংশ নেবেন। ওইদিন বেলা ১১টায় প্রধানমন্ত্রী লক্ষ্মীপুর বাজার মাঠে যাত্রা বিরতির কথা রয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতিমধ্যে পথসভার ভেনু পরিদর্শন করেছেন কুমিল্লা জেলা প্রশাসক, জেলা বিএনপি’র সহ-আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা। ইতিমধ্যে মাঠ পরিচর্যাসহ কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা চাঁদপুর সড়কের সৌন্দর্য বর্ধনেরও কাজ শুরু করা হয়েছে।

মহাসড়কের বিভাজক ও সড়ক দ্বীপে নতুন রঙ এবং সাজানোর কাজ শুরু হয়েছে। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সরজমিন একাধিকবার সফরস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করছেন এবং প্রশাসনিক প্রস্তুতির প্রতিটি দিক নিবিড়ভাবে তদারকি করছেন। মাঠ গোছানো, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, জনসমাগম সুশৃঙ্খলভাবে পরিচালনা এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতিটি স্তরে চলছে অবিরাম কর্মব্যস্ততা। এ উপলক্ষে আয়োজন নিয়ে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর দেশনায়ক তারেক রহমান প্রথম কুমিল্লায় আসছেন।

এ নিয়ে জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। যদিও এটি পথসভা তবে আমরা ধারণা করছি লোকসমাগমে এটি জনসমুদ্রের রূপ নেবে। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। সঠিক সময়ে প্রস্তুতি সম্পন্ন হবে, ইনশাআল্লাহ্‌। প্রধানমন্ত্রীর এ পথসভায় এ সময় উপস্থিত থাকবেন- কুমিল্লা দক্ষিণ, উত্তর ও কুমিল্লা মহানগর বিএনপি’র ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তাসহ সকল ব্যবস্থাপনার প্রস্তুতি গ্রহণ করেছি।

আমরা পথসভা আয়োজনের মাটি ইতিমধ্যে পরিদর্শন করেছি। প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংশ্লিষ্টরা ইতিমধ্যে কুমিল্লা এসেছেন এবং একটি বিশেষ সভাও অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি, চাঁদপুর সফর উপলক্ষে কুমিল্লায় পথসভাটি সর্বোচ্চ সুন্দরভাবে আয়োজিত হবে।

বরুড়া উপজেলা বিএনপি’র সভাপতি কায়সার আলম সেলিম বলেন, দলীয় সাংগঠনিক প্রস্তুতিতে সবাই সমানভাবে অগ্রণী ভূমিকা রাখছেন। সভাপতির প্রাণবন্ত নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নিবেদিত প্রাণ নেতাকর্মী দিনরাত অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন। রাস্তাঘাট সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা, জনসভাস্থল প্রস্তুত করা ও নিরাপত্তা সমন্বয়ে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের এই অসাধারণ সমন্বয় ও একতার দৃশ্য বরুড়ার রাজনৈতিক ইতিহাসে এক বিরল ও অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত হয়ে থাকবে। জানা গেছে, ১৬ই মে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে ঢাকার প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে চাঁদপুরে জনসভায় যোগদানের উদ্দেশ্যে রওনা দেবেন। দিনব্যাপী এ সরকারি সফরে তিনি কুমিল্লা ও চাঁদপুরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, পথসভা ও সাংগঠনিক অনুষ্ঠানে অংশ নেবেন।

জানা যায়, সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। পথে সকাল সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় যোগ দেবেন তিনি। পরে দুপুর ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ খাল পুনঃখনন অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।

দুপুর সাড়ে ১২টায় সেখানে উপস্থিত হয়ে খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন তিনি। এরপর দুপুর দেড়টায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর ১টা ৪৫ মিনিটে সেখানে উপস্থিত হয়ে বিশ্ব খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন। দুপুর ২টা ৩০মিনিটে প্রধানমন্ত্রী চাঁদপুর সার্কিট হাউজে পৌঁছে স্বল্প সময়ের জন্য বিরতি নেবেন। এ ছাড়া, বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে তার। এরপর বিকাল ৫টায় চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত জেলা বিএনপি’র সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। সাড়ে রাত ৯টায় তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন