কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ৬ মাস বয়সী শিশুটি বুধবার ভোরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে মারা যায়। নিহত ছয় মাস বয়সী রাব্বি জেলার সদর দক্ষিণ উপজেলার গুরগাঁও এলাকার কাউছার হোসেনের ছেলে।
এ নিয়ে কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে।
জানা গেছে, গত ৯ই মে হামের উপসর্গ নিয়ে শিশু রাব্বিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। হামের উপসর্গ থাকায় তাকে হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ৬ মাস বয়সী শিশুটির মৃত্যু হয়।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আউসোলেশন ইউনিটে হামে আক্রান্ত ৬৯ জন বর্তমানে চিকিৎসা নিচ্ছে। জেলা সিভিল সার্জন ডা. আলী নূর বশির বলেন, জেলা জুড়ে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৮ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯৩৩ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪৫ জন।
