আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেপ্তার

আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ফন্ট সাইজ:

চট্টগ্রামের আনোয়ারায় এক গৃহবধূর চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনার একদিন পর তার স্বামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। সোমবার রাত ৯টার দিকে চট্টগ্রাম নগরের চকবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের বরৈয়া গ্রামের আব্দুল নবী মেম্বারের ছেলে হাফেজ মো. মিজানুর রহমান (৩২)।

নিহত গৃহবধূ হালিমা আক্তার মুন্নি একই উপজেলার রায়পুর ইউনিয়নের কাঞ্চন মুন্সিবাড়ির মোহাম্মদ ইসহাকের মেয়ে। তাদের সংসারে মিশকাতুল জান্নাত নামে দেড় বছরের একটি কন্যাসন্তান রয়েছে। জানা যায়, রোববার ভোরে আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের বরৈয়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে হালিমা আক্তার মুন্নির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বামী মিজানুর রহমান ফোন করে তার পরিবারের সদস্যদের জানান, তার স্ত্রী আত্মহত্যা করেছেন। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে একটি কক্ষে টিনের চালের খুঁটির সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহ দেখতে পান।
নিহতের পরিবারের দাবি, গৃহবধূর পা মাটির সঙ্গে লেগে ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তাই এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে তাদের সন্দেহ।

পরে খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ ইসহাক বাদী হয়ে আনোয়ারা থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে র?্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্‌ফর হোসেন জানান, আনোয়ারা থানার দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি চকবাজার এলাকায় অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাফেজ মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, র‌্যাব গ্রেপ্তারকৃত আসামিকে থানায় হস্তান্তর করেছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন