চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মান্দারীটোলা গ্রামের এক হতদরিদ্র পরিবারের ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্র জাবেদ হোসেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে। সে স্থানীয় মান্দারীটোলা তা’লীমুল কোরআন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। প্রায় দুই মাস ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৫১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।
শিশুটির অসহায় পিতা মো. হেলাল উদ্দীন জানান, দীর্ঘদিন ধরে সন্তানের চিকিৎসা চালাতে গিয়ে তিনি দিশাহারা হয়ে পড়েছেন। ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত ঙ+ রক্তও দিতে হচ্ছে জাবেদকে। কান্নাজড়িত কণ্ঠে হেলাল উদ্দীন মানবজমিনকে বলেন, আমার ছেলেটা আবার সুস্থ হয়ে মাদ্রাসায় যেতে চায়, বন্ধুদের সঙ্গে খেলতে চায়।
কিন্তু টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারছি না। সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষদের সহযোগিতা ছাড়া আমার সন্তানের জীবন বাঁচানো সম্ভব নয়।
পরিবারটির দাবি, সমাজের হৃদয়বান মানুষরা যদি শিশুটিকে নিজের সন্তানের মতো ভেবে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে আল্লাহর রহমতে সে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। এদিকে শিশুটির পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া ও আর্থিক সহযোগিতা কামনা করা হয়েছে।
