ঢাকার সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার একটি জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে অন্তত সাতটি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। গত সোমবার দিবাগত রাত ১১টার দিকে বাসস্ট্যান্ডের রয়েল মার্কেটের পাশে অবস্থিত সাজ্জাদ পাদুকা মার্কেটে এই ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে আগুনে ৭টি দোকান এবং দোকানে থাকা জুতা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে সাজ্জাদ পাদুকা মার্কেটের একটি দোকান থেকে হঠাৎ আগুনের ধোঁয়া দেখা যায়। পরে মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে দ্রুত সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের আরও দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। এসময় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় ১ ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ব্যবসায়ীরা জানান, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে প্রত্যেক দোকানি তাদের দোকানে নতুন জুতার বিপুল পরিমাণ কালেকশন তুলেছিলেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি দোকানের কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি। ব্যবসায়ীদের দাবি, আগুনে পুড়ে যাওয়া মালামালের আর্থিক মূল্য কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে। অধিকাংশ ব্যবসায়ী ব্যাংক ঋণ ও ধারদেনা করে মালামাল তুলেছিলেন যা এখন পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জোন-৪ এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, দ্রুত পদক্ষেপ নেয়ায় আগুন পুরো মার্কেটে ছড়াতে পারেনি। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে তদন্ত কমিটি কাজ শুরু করবে বলেও জানান তিনি।
