বরগুনার পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতিকুর রহমান শাহীন (৪০) নামের এক যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বড়ইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন স্থানীয় মরহুম আব্দুল গনি মেম্বারের ছোট ছেলে এবং পাথরঘাটা পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, নিজ বাড়িতে নির্মাণাধীন মসজিদে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি দেওয়ার কাজ করছিলেন শাহীন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাখাল বিশ্বাস অপূর্ব তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে নিহত শাহীনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শাহীনের মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
