ময়মনসিংহে হত্যার ভয় দেখিয়ে শিশুকে ধর্ষণ

ফন্ট সাইজ:

ময়মনসিংহের হালুয়াঘাটে ১১ বছরের এক বাঙালি বাকপ্রতিবন্ধী শিশুকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণের ঘটনায় শাকুল সাংমা (৫৬) নামে এক উপজাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার বেলা ৩টার দিকে জেলার হালুয়াঘাট উপজেলার জুগলী ইউনিয়নের ছাতুগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।

গ্রেপ্তার শাকুল একই এলাকার মতিন মারাকের ছেলে। সোমবার রাত পৌনে ১টার দিকে ময়মনসিংহ জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ধর্ষণের ঘটনা স্থানীয় চৌকিদার বক্তার মিয়াসহ আশপাশের লোকজন দেখে ফেলায় এলাকায় ব্যাপক উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়। পরে রাত ৮টার দিকে হালুয়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে শাকুল সাংমাকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়- ঘটনার সময় শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এই সুযোগে শাকুল ফুসলিয়ে বাড়ি থেকে অদুরে জঙ্গলে নিয়ে হত্যার ভয় দেখিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে।

এ সময় স্থানীয়রা দেখে ফেলায় শাকুল পালিয়ে যায়। পরে শিশুকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে ইশারা-ইঙ্গিতের মাধ্যমে নির্যাতনের কথা জানায়। পরে স্থানীয়রা বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পেলে পুলিশ শাকুলকে গ্রেপ্তার করে।

স্থানীয়দের দাবি, শাকুল সাংমার বিরুদ্ধে এর আগেও নারীদের শ্লীলতাহানি ও উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার অর্থ প্রশাসন মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্যাতনের শিকার শিশুর পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধীকে যথাযথ শাস্তির আওতায় আনা হবে।

নির্যাতনের শিকার শিশুকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন