চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের এস্কর্ট থাকা অবস্থায় সংঘবদ্ধ একটি চক্রের হাতে ডাস্টবোঝাই তিনটি ট্রাক ছিনতাইয়ের অভিযোগ উঠে। সোমবার দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করেছে বলে জানিয়েছে থানা পুলিশ।
সরজমিন ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় অবস্থিত আবুল খায়ের স্টিল মিল থেকে সাতটি ট্রাকে প্রায় ১৫০ টন ডাস্ট নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। ট্রাকগুলোর সামনে ও পেছনে সীতাকুণ্ড মডেল থানার এসআই মো. বিল্লাল ও এসআই খাইরুদ্দীনের নেতৃত্বে পুলিশের এস্কর্ট ছিল। ট্রাকগুলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওঠার পর কেশবপুর হাইস্কুলের সামনে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত রড, কিরিচ ও হকিস্টিক নিয়ে ট্রাকগুলোর গতিরোধ করে।
একপর্যায়ে তারা তিনটি ডাস্টবোঝাই ট্রাক জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পুলিশ সদস্যরা গাড়ি থেকে নেমে ধাওয়া দিলে দুর্বৃত্তরা কিরিচ, রড ও হকিস্টিক ফেলে দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে। ডাস্টের মালিক জহির উদ্দিন বাবলু জানান, পুলিশের এসকর্ট থাকা অবস্থাতেই ঘটনাটি ঘটেছে। তবে পুলিশ মালামাল উদ্ধারে চেষ্টা চালিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
