এমপি লুনাকে ঘিরে স্বপ্নের জাল বুনছেন মানুষ

এমপি লুনাকে ঘিরে স্বপ্নের জাল বুনছেন মানুষ

ফন্ট সাইজ:

নির্বাচনী এলাকায় উন্নয়ন ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় উঠে এসেছেন সাবেক এমপি নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সহধর্মিণী বর্তমান এমপি তাহসিনা রুশদি লুনা। তার কার্যক্রমকে কেন্দ্র করে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন সাধারণ মানুষ। একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদ গড়ে তোলার প্রত্যাশায় এখন আশাবাদী নির্বাচনী এলাকা ওসমানীনগর-বিশ্বনাথের মানুষ।

সাম্প্রাতিক সময়ে সড়ক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কার্যক্রম জোরদার এবং স্থানীয় সমস্যার দ্রুত সমাধানে উদ্যোগ নেয়ায় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। বিশেষ করে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম সাধারণ মানুষের জীবনে দৃশ্যমান পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। হান্নান মিয়া বলেন, আগে অনেক সমস্যার কথা কেউ শুনতো না। এখন অন্তত আমাদের কথা শোনা হচ্ছে। আমরা চাই এই ধারা অব্যাহত থাকুক। তরুণ প্রজন্মের মধ্যেও দেখা যাচ্ছে আশাবাদের ছাপ। তারা মনে করছে, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা চালু হলে এলাকার সামগ্রিক চিত্র বদলে যেতে পারে।

সাহেদ আহমেদ নামের একজন শিক্ষার্থী জানান, আমরা চাই আমাদের এলাকাতেই ভালো সুযোগ তৈরি হোক, যাতে বাইরে যেতে না হয়। স্বাস্থ্যসেবা নিয়েও প্রত্যাশা কম নয়। এলাকাবাসীর দাবি, স্থানীয় হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসাব্যবস্থা ও প্রয়োজনীয় জনবল এবং ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রশাসনিক অনুমোদন হলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে। অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন বাজার ব্যবস্থার উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হলে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। এতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং এলাকার আর্থ সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। জনপ্রতিনিধি হিসেবে এমপি লুনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জনগণের এই বাড়তি প্রত্যাশ পূরণ করা। পরিকল্পিত উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে স্বামী ইলিয়াস আলীর মতো তিনিও একটি সফল নেতৃত্বের উদাহরণ স্থাপন করতে পারবেন।

সবমিলিয়ে, লুনাকে ঘিরে নির্বাচনী এলাকায় যে আশার সঞ্চার হয়েছে, তা এখন বাস্তবায়নের অপেক্ষায়। জনগণ চাইছেন এই স্বপ্ন যেন শুধুই কথায় সীমাবদ্ধ না থেকে বাস্তব উন্নয়নের মাধ্যমে প্রতিফলিত হয়।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন