ভিএআর নাটকের পর জয়, শিরোপার সুবাস আর্সেনালের

ভিএআর নাটকের পর জয়, শিরোপার সুবাস আর্সেনালের

ফন্ট সাইজ:

লন্ডন স্টেডিয়ামে শেষ মুহূর্তের মহানাটকীয়তায় ইংলিশ প্রিমিয়ার লীগ শিরোপার আরও কাছে পৌঁছে গেল আর্সেনাল। ওয়েস্ট হ্যামের মাঠে গানারদের জয় ১-০ গোলে। ফলে দীর্ঘ ২২ বছরের শিরোপা খরা কাটানোর পথে আরও এগিয়ে গেল মিকেল আর্তেতার দল। নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে তারা।

আর্সেনালের ৩৬তম রাউন্ডের জয়ের নায়ক বেলজিয়ান ফরোয়ার্ড লিয়ান্দ্রো ট্রোসার্ড। তবে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় যোগ করা সময়ের শেষ মুহূর্তে, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সিদ্ধান্তে। ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখায় আর্সেনাল। বিরতির আগমুহূর্তে পাল্টা আক্রমণে স্বাগতিকরা গোল করার সুযোগ পেলেও, গোলকিপার দাভিদ রায়ার দৃঢ়তায় রক্ষা পায় আর্সেনাল। দীর্ঘ অপেক্ষার পর ৮৩তম মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত গোল। অধিনায়ক মার্টিন ওডেগার্ডের পাস থেকে নিচু শটে জাল কাঁপান ট্রোসার্ড।

আসল নাটক শুরু হয় ষষ্ঠ মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে। কর্নার থেকে পাওয়া বলে ক্যালাম উইলসনের গোলে সমতায় ফেরার উল্লাসে মাতে ওয়েস্ট হ্যাম। স্তব্ধ হয়ে যায় আর্সেনাল শিবির। তবে ভিডিও রিপ্লেতে দেখা যায়, গোল হওয়ার আগে আর্সেনাল গোলকিপার রায়াকে বাধা দিয়েছেন পাবলো। দীর্ঘ পর্যালোচনার পর রেফারি ফাউলের দায়ে গোল বাতিল করলে হাফ ছাড়ে গানাররা।

৩৬ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন আর্সেনাল। এক ম্যাচ কম খেলা সিটির পয়েন্ট ৭৪। হাতে থাকা বার্নলি ও ক্রিস্টাল প্যালেস ম্যাচে জিতলেই চ্যাম্পিয়ন হবে আর্তেতার শিষ্যরা। অন্যদিকে, হারের ফলে অবনমনের শঙ্কায় থাকা ওয়েস্ট হ্যাম ১৮ নম্বরেই রয়ে গেল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন