নবীগঞ্জে অবৈধ পশুর হাট অপসারণে মানববন্ধন, আল্টিমেটাম

নবীগঞ্জে অবৈধ পশুর হাট অপসারণে মানববন্ধন, আল্টিমেটাম

ফন্ট সাইজ:

নবীগঞ্জে মহাসড়ক থেকে অবৈধ পশুর হাট অপসারণে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনারপুর পরগণার ঢাকা-সিলেট সড়কের মেলারবাজার এলাকায় কয়েকটি গ্রামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রোববার সকাল ১১টায় পুরাতন মেলারবাজারের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বৈধ মেলার বাজারের ইজারাদারগণ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, মহাসড়কের পাশে জনতার বাজার নামে একটি পশুর হাট দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসানো হচ্ছে।

যে বাজারটি ইতিপূর্বে সেনাবাহিনীসহ প্রশাসনের হস্তক্ষেপে ভণ্ডুল করা হয়েছিল। একই এলাকায় সরকারি বিধিমালা অনুযায়ী বৈধভাবে ইজারা দেয়া একাধিক পশুর হাট থাকা সত্ত্বেও অবৈধভাবে আরেকটি হাট পরিচালিত হওয়ায় বৈধ ইজারাদাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি মহাসড়কে যান চলাচলে বিঘ্ন হচ্ছে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খয়ের গোলাপ। সমাজকর্মী ওয়াহিদ মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন- বিশিষ্ট সালিশ বিচারক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ডা. শাহ আবুল খয়ের, সমাজসেবক আব্দুল রশিদ, ময়না মিয়া, জাহিদ মেম্বার, আলতাফ মিয়া প্রমুখ। বক্তারা বলেন, প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতার কারণেই অবৈধ পশুর হাট বন্ধ হচ্ছে না। তাদের অভিযোগ, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে অবৈধ হাট উচ্ছেদে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, মহাসড়কের উপর পশুর হাট বসানোর বিষয়ে সরকারের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এ বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনাও রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও এ ধরনের কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। এতসব নিষেধাজ্ঞার পরও কীভাবে জনতার বাজারে প্রকাশ্যে অবৈধভাবে পশুর হাট বসানো হচ্ছে- তা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তাদের দাবি, অবৈধ হাটের কারণে ক্রেতা-বিক্রেতারা বিভ্রান্ত হচ্ছেন। সরকার রাজস্ব হারাচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। সমাবেশে বক্তারা প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, এই সময়ের মধ্যে প্রশাসন যদি তাদের সঙ্গে যোগাযোগ করে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। তারা অনির্দিষ্টকালের জন্য ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ইউএনও অফিস ঘেরাও এবং জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেয়।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন