কোটিপতি ছেলের পিতা-মাতার দিন কাটে অনাহারে

কোটিপতি ছেলের পিতা-মাতার দিন কাটে অনাহারে

ফন্ট সাইজ:

পিরোজপুরের জিয়ানগরে কোটিপতি প্রবাসী ছেলে খোঁজখবর না নেয়ায় মানবেতর জীবনযাপন করছে হতভাগা পিতা-মাতা। অভাবের তাড়নায় খেতে না পেয়ে কাঁদছেন অসুস্থ মা। জানা যায়, উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম বালিপাড়া গ্রামের বাসিন্দা আ. বারেক বয়াতীর ছেলে মো. মেহেদী হাসান বয়াতী (৩৬) বর্তমানে দুবাই প্রবাসী। ছেলের আয়ে তাদের সংসার চলতো। সুখেই দিন কাটছিল। কিন্তু ছেলের স্ত্রী সাবরিনা আক্তার মীমের কুমন্ত্রণার কারণে একটি বছর ধরে মেহেদী তার পিতা-মাতার কোনো খোঁজখবর রাখছে না এবং ভরণপোষণের জন্য কোনো আর্থিক সহযোগিতা করছে না।

ছেলের সহায়তা না পেয়ে বৃদ্ধ পিতা-মাতা খেয়ে না খেয়ে দিন পার করছে। প্রতিবেশীদের দয়ায় কোনোমতে তারা বেঁচে আছে। মেহেদীর মায়ের একটি হাত প্যারালাইজড এবং ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তার পিতা বয়সের ভারে এখন কোনো কাজ করতে পারে না। ভিটেবাড়ি ছাড়া আর কোনো সম্পদ নেই। সন্তানের অবহেলায় পিতা-মাতা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। অসুস্থ মা ছেলের জন্য অনবরত কেঁদেই চলছেন।

মেহেদীর মা মিনারা বেগম জানান, আমি খুবই অসুস্থ। আমার একটি হাত অচল এবং ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত। প্রতি মাসে অনেক টাকার ওষুধ খাওয়া লাগে। কিন্তু আমার ছেলে তার বউয়ের কথায় আমাদের টাকা পয়সা দেয়া বন্ধ করে দিয়েছে। এখন আমরা খেয়ে না খেয়ে প্রতিবেশীদের দয়ায় কোনোমতে বেঁচে আছি। আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই। এই বৃদ্ধ বয়সে ছেলে ছাড়া আমাদের দেখার আর কেউ নাই। আমরা বাঁচতে চাই। দেশবাসীর প্রতি অনুরোধ আমাদের সাহায্য করুন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন