দোহারে অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর মৃত্যু

ফন্ট সাইজ:

দোহারের বিলাসপুরের রাধানগর এলাকায় অগ্নিকাণ্ডে সালাম শিকদার ও নাসিমা বেগম নামে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের ১২ বছরের মেয়ে খাদিজা ও ১৩ বছরের জান্নাতুল নামে দুই মেয়ে আহত হয়েছে। স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার দিবাগত রাতে সালাম শিকদার তার স্ত্রী নাসিমা বেগম, মেয়ে জান্নাতুল ও খাদিজাসহ ৩ বছরের নাতিন রিসাদকে নিয়ে ঘুমিয়ে ছিলেন তার বসতঘরে।

রাত আনুমানিক একটার দিকে হঠাৎ আগুন দেখে সালাম শিকদার ও তার স্ত্রী নাসিমা বেগম দুই মেয়ে ও নাতিকে জানালা ভেঙে বের করে দেন। তবে সালাম শিকদার ও তার স্ত্রী ঘর থেকে বের হতে পারেননি। তাদের দুই সন্তানের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের স্বামী-স্ত্রীকে বের করার চেষ্টা করলেও ব্যর্থ হয়।

পরে দোহার ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সম্মিলিতভাবে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলে ততক্ষণে সালাম শিকদার ও তার স্ত্রী নাসিমা বেগম পুড়ে ভস্মীভূত হয়ে যায়। তবে কী কারণে এ অগ্নিকাণ্ড ঘটলো তা এখনো নিশ্চিত করে বলতে পারেনি কেউ। এ বিষয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোহার থানা অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকার কারণে মরদেহ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন