আনসার সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১৮

ফন্ট সাইজ:

সাভারে আনসার সদস্যদের ওপর হকারদের অতর্কিত হামলায় ৬ আনসার সদস্য আহতের ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার মামলা এবং গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ। এর আগে সকালে সাভার মডেল থানায় উপজেলা আনসারের সহকারী প্লাটুন কমান্ডার শহীদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ জানায়, ফুটপাথে হকার বসতে না দেয়ায় দায়িত্বরত আনসার সদস্যদের ওপর হামলা চালায় ফুটপাথের ব্যবসায়ীরা। হামলায় ছয়জন আনসার সদস্য আহত হলে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় উপজেলা আনসারের সহকারী প্লাটুন কমান্ডার শহীদুল ইসলাম বাদী হয়ে ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেছেন। পরে পুলিশ অভিযান পরিচালনা করে ১৮ জনকে গ্রেপ্তার করেছে। আহত আনসার সদস্যদের মধ্যে প্লাটুন কমান্ডার মো. শামসুজ্জামানের (২১) দুই চোখই ইটের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তিনি চোখে দেখতে পাচ্ছেন না এবং তাকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। আনসার সদস্য মো মুন্না (২৩)কে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। রড ও লাঠির আঘাতে তার মাথা ফেটে গেছে।

অন্যরা হলেন- মো. মাহিন, বরকতউল্লাহ মামুন, রিয়াদ ও তৌহিদুল ইসলামকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহত আনসার সদস্য এম এইচ মানিক জানান, গত বৃহস্পতিবার চৌরঙ্গী সুপার মার্কেটের সামনে হকারদের বসতে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর জেরে শুক্রবার সকালে কয়েকজন হকার দলবদ্ধ হয়ে আবারো রাস্তায় বসার চেষ্টা করেন। আনসার সদস্যরা বাধা দিলে প্রথমে তারা গালাগালি শুরু করেন। একপর্যায়ে সংঘবদ্ধ হয়ে আমাদের ওপর তারা হামলা চালায়।

এতে চার থেকে পাঁচজন গুরুতর আহত হন। জনস্বার্থে কাজ করতে গিয়ে হামলার শিকার হওয়ায় ঘটনাটির সুষ্ঠু বিচার দাবি করেছেন আহত আনসার সদস্যরা। আহত আনসার সদস্য বরকতউল্লাহ মামুন জানান, বিকাল ৫টার দিকে নিউ মার্কেটের সামনে হকাররা ফুটপাথ দখল করেছে শুনে প্লাটুন কমান্ডার শামসুজ্জামানের নেতৃত্বে তারা সেখানে পৌঁছামাত্রই ৪০ থেকে ৫০ জন হকার, রড, লাঠি ও ইট নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

আনসার সদস্যদের হাতে শুধু লাঠি থাকায় তারা এই একতরফা হামলা প্রতিহত করতে পারেননি। হামলার সময় প্লাটুন কমান্ডার শামসুজ্জামানের চোখে গুরুতর আঘাত লাগে এবং সদস্য মুন্নার মাথা ফেটে যায়। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, আনসার সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হলে অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানোর পাশাপাশি বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন