নির্মাণাধীন সড়কে খোয়া ফেলে ঠিকাদার উধাও

ফন্ট সাইজ:

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের থানা সড়কের সংস্কার কাজে খোয়া ফেলে রেখে প্রায় ছয় মাস ধরে উধাও ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার লাখো মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়-২০২৫ সালের শেষদিকে বিশ্বাসপাড়া থেকে হরেকৃষ্ণপুর বাজার পর্যন্ত প্রায় ৪ দশমিক ১২ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২০২৫-২৬ অর্থবছরের পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে এই কাজের দরপত্র পায় ‘জেরিন এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মালিক আব্দুল হাকিম। পরে জেরিন এন্টারপ্রাইজের কাছ থেকে কাজটি কিনে দায়িত্ব নেন শিপন নামের আরেক ঠিকাদার। অভিযোগ রয়েছে, কাজ শুরু করে সড়কটি খুঁড়ে খোয়া ফেলে রেখে লাপাত্তা হয়েছেন ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে ওভাবেই ফেলে রাখা হয়েছে রাস্তার কাজ।

সরজমিন দেখা গেছে, সড়কের খোয়া উঠে ধুলায় পরিণত হয়েছে। ধুলোময় এই সড়কে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। রায়পাশা গ্রামের বাসিন্দা জহুর মিয়া বলেন- আগে সড়কটি দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করা যেত। এখন বাজারে যাওয়া বা দৈনন্দিন কাজ করাই কষ্টকর হয়ে পড়েছে। দ্রুত রাস্তাটি সংস্কার না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।

তবে ঠিকাদার শিপনের দাবি, বৈরী আবহাওয়ার কারণে কাজ শুরু করতে দেরি হচ্ছে। সব প্রস্তুতি রয়েছে, আবহাওয়া অনুকূলে এলেই কাজ শুরু করা হবে। উপজেলা প্রকৌশলী গোলজার হোসেন মানবজমিনকে বলেন, বৈরী আবহাওয়ার দোহাই দিয়ে কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে তাদেরকে একাধিকবার দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেয়া হয়েছে। তারা যদি শিগগির কাজ সম্পন্ন না করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন