গোপালগঞ্জের মুকসুদপুরে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শুক্রবার বেলা ১২টায় উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বড় ভাটরা গ্রামের ভুক্তভোগী পরিবারের বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে আতিয়ার রহমান বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত।
এ কারণে ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নং ওয়ার্ড এর যুগ্ম-সম্পাদক ইমদাদুল হক এবং তার ভাই সৌদি প্রবাসী মক্কা আওয়ামী লীগের সদস্য নিজামুল হক আমার পৈতৃক সম্পত্তি দখলে নিতে আমার নামে হয়রানিমূলক চাঁদাবাজির মামলা দায়ের করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে সুবিচার প্রার্থনা করি।
উল্লেখ্য, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ও ননীক্ষীর ইউনিয়নের চেয়ারম্যান রনী আহম্মেদের মধ্যস্থতায় ইমদাদ গং আমাকে ২০২৩ সালে জোর করে তিনশ’ টাকার স্টাম্পে উক্ত ব্যাপারে আপসনামামূলক স্বাক্ষর রাখে। তখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় আমি এর কোনো প্রতিবাদ করতে পারি নাই।
উপস্থিত সংবাদ কর্মীদের মাধ্যমে বিষয়টি সম্পর্কে দেশবাসীকে অবহিত করলাম।
