শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের ম্যাচের দিকে তাকিয়ে ছিল অস্ট্রেলিয়া। তবে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে আজ বৃষ্টির কারণে শেষ পর্যন্ত এক বলও গড়ায়নি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া দু’দলই ছিটকে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। তাই ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কার সঙ্গী হিসেবে সুপার এইটের টিকিট পেয়েছে জিম্বাবুয়ে।
সুপার এইট নিশ্চিত করতে আজ ম্যাচ ড্র করতেই চলতো জিম্বাবুয়ের। বিপরীতে, পরবর্তী পর্বে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আয়ারল্যান্ডের জন্য এটি ছিল ‘ডু অর ডাই’ ম্যাচ। অন্যদিকে, সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে হেরে অস্ট্রেলিয়াও তাকিয়ে ছিল আইরিশদের জয়ের দিকে, যাতে তাদের সম্ভাবনাও মাঠে মারা না যায়। তবে ক্যান্ডিতে অবিরাম বর্ষণের ফলে আজ এক বলও মাঠে গড়াতে পারেনি।
শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে উভয় দলের খাতায় যোগ হয় ১ পয়েন্ট করে। ফলে ৪ ম্যাচ পর জিম্বাবুয়ের পয়েন্ট দাঁড়িয়েছে ৫ পাঁচ এবং এক ম্যাচ বেশি খেলে আয়ারল্যান্ডের সংগ্রহ ৩। ৩ ম্যাচে অস্ট্রেলিয়ার ঝুলিতে রয়েছে স্রেফ ২ পয়েন্ট। তাই আগামী শুক্রবার ওমানের বিপক্ষে অজিদের শেষ ম্যাচটি এখন কেবল নিয়মরক্ষার লড়াই।
আগামী ১৯শে ফেব্রুয়ারি কলম্বোতে গ্রুপপর্বের নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। গ্রুপ ‘বি’ থেকে ইতিমধ্যে দু’টি দলই টিকিট পেয়েছে সুপার এইটের। তবে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারণে সে ম্যাচটি গুরুত্বপূর্ণ।
