সীতাকুণ্ডে প্রভিটা ফিড কারখানায় দুর্ঘটনায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ডে প্রভিটা ফিড কারখানায় দুর্ঘটনায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারআউলিয়ায় অবস্থিত প্রভিটা ফিড কারখানায় দুর্ঘটনায় মো. ইউসুফ (৬৪) নামে এক বৃদ্ধ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে সীতাকুণ্ড থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয় সূত্র জানায়, কারখানার ভেতরে শ্রমিকরা হাতে ও মাথায় করে ফিডের ভারী বস্তা ট্রাকে তুলছিলেন।

এ সময় একটি বস্তা ইউসুফের শরীরের ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ইউসুফ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকার আব্দুল মান্নান প্রধানের ছেলে।

তিনি দীর্ঘ ৬-৭ বছর ধরে ওই কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। কারখানার একাধিক শ্রমিক অভিযোগ করেন, আধুনিক যন্ত্রপাতির পরিবর্তে এখনো ঝুঁকিপূর্ণভাবে শ্রমিকদের দিয়ে ভারী বস্তা বহন করানো হয়। এতে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন