দুর্গম পাহাড়ি জনপদের মানুষের দীর্ঘদিনের পানির কষ্ট দূর করতে নির্বাচনের সময় দেয়া প্রতিশ্রুতি বাস্তবে রূপ দিলেন সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। শুষ্ক মৌসুম এলেই পাহাড়ের দুর্গম মুরুং পাড়াগুলোতে তীব্র পানি সংকট দেখা দেয়। সেই দুর্ভোগ লাঘবে বৃহস্পতিবার নিজ উদ্যোগে ১৩ লাখ টাকা ব্যয়ে চিম্বুক রেঞ্জের ২১টি স্পটে এলাকাবাসীর জন্য পানি সরবরাহ কার্যক্রম পরিচালনা করেন তিনি। এ সময় সংসদ সদস্য সাচিং প্রু জেরী নিজ হাতে পাহাড়ি পাড়ার মানুষের মাঝে পানি তুলে দেন। তার এমন মানবিক উদ্যোগে স্থানীয়দের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছর শুকনো মৌসুমে বিশুদ্ধ পানির অভাবে চরম দুর্ভোগ পোহাতে হয় তাদের। অনেক দূর থেকে পানি সংগ্রহ করতে গিয়ে নারী ও শিশুদের সবচেয়ে বেশি কষ্ট করতে হয়। নির্বাচনের সময় এমপি জেরী প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচিত হলে তিনি ব্যক্তিগত উদ্যোগে এই সমস্যা সমাধানে কাজ করবেন। অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।
সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, “পাহাড়ের মানুষ আমার পরিবারের মতো। তাদের কষ্ট আমার কষ্ট। আমি নির্বাচনের সময় কথা দিয়েছিলাম পানি সংকট নিরসনে কাজ করবো। আজ সেই দায়িত্ব পালন করতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও দুর্গম এলাকার মানুষের মৌলিক সমস্যা সমাধানে আমি সবসময় পাশে থাকবো।” এদিকে, সংসদ সদস্যের এই উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। তারা আশা করছেন, ভবিষ্যতে পাহাড়ি অঞ্চলের স্থায়ী পানি সংকট নিরসনে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
