ময়মনসিংহে জাল নোট চক্রের সদস্য দুই তরুণীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ওই দুই তরুণী ঈদ বাজারে ছড়ানোর জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে জাল নোট সংগ্রহ করছিলেন। এ সময় তাদের কাছ ৬০ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। শুক্রবার জেলা পুলিশের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার বিকালে নগরীর শম্ভুগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি এলাকার জাফর আলীর মেয়ে পারুল বেগম (২৮), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল দক্ষিণপাড়া এলাকার মৃত সিদ্দিক আলীর মেয়ে রুবি আক্তার (২৫)। দু’জনই ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকায় ভাসমান হিসেবে বসবাস করে আসছিলেন।
এ বিষয়ে ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই তরুণী স্বীকার করেছে তারা জাল টাকার নোট ক্রয়-বিক্রয়কারী সংঘবদ্ধ চক্রের স?ক্রিয় সদস্য। তারা ঈদুল-আজহা উপলক্ষে বাজারে ছাড়ার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে জাল নোট সংগ্রহ করেছিলেন। তাদের সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
