নওগাঁর রাণীনগরে টিফিন শেষে স্কুলে ফেরার পথে চকলেটের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে ১১ বছর বয়সি এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে রাণীনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলার পরিপ্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে আসামি আব্দুর রাজ্জাক (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত রাজ্জাক উপজেলার পারইল ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। এর আগে গত শনিবার (২ মে) দুপুরে এই ধর্ষণের ঘটনাটি ঘটে। মামলার এজাহার সূত্রে জানা গেছে-ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়াশুনা করেন। শনিবার সকালে স্কুলে যান সে। এসময় দুপুরে টিফিনের বিরতিতে বাড়িতে খাবার খেতে যান ওই শিশু। খাবার খেয়ে স্কুলে ফেরার পথে রাজ্জাক ওই শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়-পরে ঘটনাটি গত সোমবার (৪ মে) জানাজানি হলে এলাকার কতিপয় মাতব্বরা গ্রাম্য সালিশের মাধ্যমে অর্থের বিনিময়ে ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। ওই শিশুর মা জানান-ন্যায় বিচার পেতে বৃহস্পতিবার রাতে আমরা থানায় মামলা দায়ের করেছি। ধর্ষকের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন-মামলার প্রেক্ষিতে রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি রাজ্জাককে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
