‘প্রিন্স’র সেন্সর স্থগিত

‘প্রিন্স’র সেন্সর স্থগিত

ফন্ট সাইজ:

বিতর্ক যেন পিছুই ছাড়ছে না শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ চলচ্চিত্রের। এবার সিনেমাটির সার্টিফিকেশন সনদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। স্থগিতাদেশে বলা হয়েছে, চলচ্চিত্রটির সঙ্গে সার্টিফিকেশনবিহীন গান ও দৃশ্য সংযোজন করে প্রদর্শন করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

একইসঙ্গে সার্টিফিকেটপ্রাপ্ত কপিতে ধূমপান ও মাদক সেবনের সতর্কবার্তা টেম্পারিং করে মুদ্রণযোগ্য ফন্টে প্রদর্শনের অভিযোগও রয়েছে। এসব কারণে বোর্ড ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ নামের পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ (এলএল নং ১০/২০২৬, তারিখ: ১৬-০৩-২০২৬) স্থগিত করেছে। অভিযোগে উল্লেখ করা হয়, একক গান ‘তোমাকে ছাড়া’ সিরিজের গান এবং ভারতের একটি মরুভূমিতে রামদা দিয়ে নির্বিচারে মানুষকে কুপিয়ে হত্যা করার বীভৎস দৃশ্য প্রদর্শন করা হয়েছে।

পাশাপাশি, বোর্ড কর্তৃক পূর্বে কর্তনকৃত দৃশ্য চাপাতি দিয়ে একজনের হাত কর্তন, গলার রগ কেটে ফেলার দৃশ্য এবং মেয়েদের অশালীন ও অরুচিকর পোশাক ও অঙ্গভঙ্গির দৃশ্য পুনরায় সংযোজন করা- এই স্থগিতাদেশের মূল কারণ। আবু হায়াত মাহমুদ পরিচালিত এবং শিরিন সুলতানা প্রযোজিত এই চলচ্চিত্রটি গত ২১শে মার্চ ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে মুক্তি পায়। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন- তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন