সাভারের আশুলিয়ায় ৭ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক ইলিয়াছকে আটক করেছে থানা পুলিশ। গতকাল দুপুরে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট সিনসিন মোড় এলাকার রাওজাতুল কুরআন আধুনিক নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।
এর আগে মঙ্গলবার বিকালে ওই মাদ্রাসায় যৌন হয়রানির ঘটনার অভিযোগ করেন ভুক্তভোগীর স্বজনরা। যৌন হয়রানির শিকার শিশুটি তার চাচা আলামিনের বাসায় থেকে মাদ্রাসাটির ১ম শ্রেণিতে পড়াশোনা করতো। আটককৃত মোহাম্মদ ইলিয়াছ ময়মনসিংহ জেলার পূর্বতলা থানার কুকলা গ্রামের আবদুল হালিমের ছেলে। সে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট সিনসিন মোড় এলাকার রাওজাতুল কুরআন আধুনিক নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন। ভুক্তভোগী শিক্ষার্থীর স্বজনরা জানান, শিশুটির বাবা বিদেশে থাকেন এবং মা গ্রামের বাড়িতে থাকেন।
এখানে চাচার বাসায় থেকে চাচাতো বোনের সঙ্গে একত্রে ওই মাদ্রাসায় পড়াশোনা করে। প্রতিদিনের ন্যায় সে বিকালে ক্লাস শেষে বাসায় আসে এবং খাটের একপাশে বসে কান্না করছিল। এমন সময়ে তার চাচি এসে কান্নার কারণ জানতে চাইলে সে তার চাচিকে ঘটনাটি খুলে বলে। শিশুটির বরাত দিয়ে পরিবারের সদস্যরা জানান, বুধবার বিকালে মাদ্রাসা শিক্ষক ইলিয়াছ ওই শিক্ষার্থীকে কৌশলে ডেকে নিয়ে শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয় এবং নানা প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির চেষ্টা করে।
পরে আমরা জানতে পেরে মাদ্রাসা কর্তৃপক্ষকে জানাই। পরে এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ সমাধান করার চেষ্টা করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটকে রেখে পুলিশে খবর দেয়।
ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং তাকে থানায় নিয়ে যায়। আমরা এর সুষ্ঠু বিচার চাই, যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
