শিকলবন্দী প্রতিবন্ধীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু

ফন্ট সাইজ:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বসতঘরে অগ্নিকাণ্ডে আনিসুর রহমান (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ছোটনা গ্রামের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান ওই গ্রামের মিন্নত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন হওয়ায় আনিসুর রহমানকে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে শিকলবন্দী করে রাখতেন। বুধবার গভীর রাতে তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও শিকলবন্দী থাকায় আনিসুর রহমান ঘর থেকে বের হতে পারেননি। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর স্থানীয়রা তাকে ঘর থেকে বের করে আনেন। তবে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম জানান, আগুন লাগার পর ঘরের আসবাবপত্র পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর আনিসুর রহমানকে ঘর থেকে বের করা হলেও তাকে হাসপাতালে নেয়া হয়নি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডে একজন দগ্ধ হয়ে মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন