অতিবৃষ্টিতে তলিয়ে যাওয়া হাওরে জমির ধান দেখতে গিয়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আব্দুর রুপ (৫০) নামের এক দুবাই প্রবাসী নিখোঁজের দুইদিন পর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পূর্বের হাওর সংলগ্ন কাটমা বিল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে গত মঙ্গলবার সকালে বাড়ি থেকে হাওরের উদ্দেশে যান তিনি। এরপর আর বাড়ি ফেরেননি। নিখোঁজ আব্দুর রুপ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম (নিশাকুঁড়ি) গ্রামের মৃত রাজত উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে পানিতে তলিয়ে যাওয়া ধান দেখার জন্য হাওরে যান আব্দুর রুপ। ওইদিন বেলা গড়িয়ে সন্ধ্যা হওয়ার পরও বাড়ি না ফেরায় তার ছোট ছেলে হাওরে খুঁজতে যান। না পেয়ে এলাকার মসজিদে মাইকিং করানো হয়। এরপর স্থানীয় কয়েক’শ মানুষ ওই রাতেই নৌকাযোগে হাওরে তাকে খুঁজতে যান। কিন্তু তার কোনো সন্ধান মেলেনি তখন।
পরদিন বুধবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনব্যাপী হাওরে অভিযান চালালেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে আজ বৃহস্পতিবার সকালে পূর্বের হাওর সংলগ্ন কাটমা বিল এলাকায় একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ আব্দুর রুপের মরদেহ বলে শনাক্ত করেন। পরে স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়।
নবীগঞ্জ থানার ওসি মো. মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
