কিশোরকে বলাৎকার, মৎস্যজীবী দল নেতার ছেলে গ্রেপ্তার

ফন্ট সাইজ:

শ্রীনগরে ভুট্টা ক্ষেতে ঘাস তোলার কথা বলে ডেকে নিয়ে এক কিশোরকে বলাৎকারের অভিযোগে ইউনিয়ন মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদকের ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার সালেপুর চকে এই ঘটনা ঘটে। পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতেই অভিযুক্ত বীরতারা গ্রামের মৎস্যজীবী দলের নেতা ধেনু শেখের ছেলে নিরব শেখ (২২)কে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় ওই কিশোরের মা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে একই এলাকার তিন কিশোরকে ভুট্টা ক্ষেতে ঘাস তোলার কথা বলে ডেকে নেয় নিরব। পরে কৌশলে তাদের মধ্যে দুইজনকে সেখান থেকে সরিয়ে দিয়ে এক কিশোরকে একা রেখে দেয়। এরপর ওই ১৫ বছর বয়সী কিশোরকে বলাৎকার করে।

পরে ওই কিশোরের হাতে গাঁজা ধরিয়ে দিয়ে তাকে বলাৎকারের ঘটনা কাউকে জানাতে নিষেধ করে এবং জানাজানি হলে তাকে মাদকসেবী হিসেবে প্রচার করা হবে ভয়ভীতি প্রদর্শন করে। ভুক্তভোগী কিশোর মজিদপুর দয়হাটা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। ঘটনার পর ভুক্তভোগী কিশোর বিষয়টি তার পরিবারকে জানালে তারা স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারস্থ হন। জনপ্রতিনিধিরা এই ঘটনায় কোনো ব্যবস্থা গ্রহণ করতে অপারগতা জানানোর পর ওই কিশোরের পরিবার শ্রীনগর থানায় বিষয়টি পুলিশকে অবহিত করে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে বীরতারা গ্রাম থেকে অভিযুক্ত নিরবকে গ্রেপ্তার করে।

স্থানীয়রা জানায়, নিরবের বিরুদ্ধে এলাকায় ছিনতাই, চুরি, মাদক ব্যবসা সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত নিরব শেখকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন