সিলেটের শামসুদ্দিন হাসপাতালের পরিচ্ছন্নতার দায়িত্ব নিয়েছে সিসিক

ফন্ট সাইজ:

সিলেটে হামের জন্য বিশেষায়িত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পরিচ্ছন্নতার দায়িত্ব নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। বুধবার সকালে হাসপাতালটিতে হাম রোগীদের চিকিৎসাসেবা পরিদর্শনে গিয়ে সিসিক প্রশাসক মো. আব্দুল কাইয়ুম চৌধুরী সংশ্লিষ্টদের অনুরোধে এ দায়িত্ব নেন। এ সময় তিনি জানান, বর্জ্য ব্যবস্থাপনা শাখায় জনবল সংকট থাকলেও হামের চিকিৎসার জন্য নির্ধারিত এই হাসপাতালকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। নিয়মিতভাবে হাসপাতালের ভেতরের আবর্জনা অপসারণের পাশাপাশি আশপাশের ঝোপঝাড়ও পরিষ্কার করা হবে। তিনি বলেন, আমরা হামের চিকিৎসা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।

সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সার্বক্ষণিকভাবে বিষয়টি তদারকি করছেন। সিটি করপোরেশনের পক্ষ থেকেও আমরা প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রেখেছি, যাতে কোনো রোগী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন। পরিদর্শনকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, ছোঁয়াচে রোগ হওয়ায় হামের প্রকোপ বাড়তে থাকায় ধাপে ধাপে শামসুদ্দিন হাসপাতালকে নির্ধারিত করা হয়েছে। তিনি জানান, ওসমানীতে ১০টি নিবিড় শিশু পরিচর্যা ইউনিট (পিআইসিইউ) চালুর পর রোগীর চাপ সামাল দিতে শামসুদ্দিন হাসপাতালে অতিরিক্ত ৬-৭টি নিবিড় শিশু পরিচর্যা ইউনিট চালু করা হয়েছে। বর্তমানে সিলেটে হামের চিকিৎসাসেবা যৌথভাবে পরিচালিত হচ্ছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সমন্বয়ে।

সংশ্লিষ্টরা আশা করছেন, সমন্বিত এই উদ্যোগের মাধ্যমে আক্রান্তরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবেন এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। এ সময় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, ওসমানী হাসপাতালে ১০টি নিবিড় শিশু পরিচর্যা ইউনিট (পিআইসিইউ) চালুর পাশাপাশি রোগীর চাপ সামাল দিতে শামসুদ্দিন হাসপাতালেও অতিরিক্ত ৭টি পিআইসিইউ চালু করা হয়েছে। বর্তমানে ওসমানী হাসপাতালের আইসিইউতে ১০ জন এবং শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে ৫ জন এবং সাধারণ বেডে ৮৭ জন হাম আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। পরিদর্শনকালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, সিসিকের সচিব মো. আশিক নূর, সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন