সাতকানিয়ায় হিজড়ার সঙ্গে অভিনব প্রতারণার অভিযোগ

সাতকানিয়ায় হিজড়ার সঙ্গে অভিনব প্রতারণার অভিযোগ

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সাতকানিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক হিজড়ার লিঙ্গ পরিবর্তন ও অন্তত ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। এ বিষয়ে প্রতিবাদ করায় উল্টো প্রাণনাশের হুমকি দিয়েছে বলে জানান ভুক্তভোগী ওই হিজড়া। এ নিয়ে বুধবার স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী। ভুক্তভোগী হিজড়ার নাম মৌসুমি হামিদ। তিনি বর্তমানে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। অপরদিকে অভিযুক্ত আব্দুল মোমেন সে উপজেলার ঢেমশা ইউপি’র ৩ নং ওয়ার্ড হাদুর বাড়ি এলাকার মৃত আব্দুস সফুরের ছেলে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হিজড়া বলেন, আমার সঙ্গে আবদুল মোমেনের দীর্ঘ ৯ বছর সম্পর্ক ছিল। সম্পর্কের একপর্যায়ে সে আমাকে বিয়ে করবে বলে ওয়াদাবদ্ধ হয়। তখনো আমি প্রাকৃতিকভাবে হিজড়া হিসেবে জীবনযাপন করছিলাম। হঠাৎ একদিন ইল্লু নামের এক ব্যক্তিসহ মোমেন আমার বাসায় আসে। সেদিন আমাকে আমার অজান্তে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ কিংবা এমন কিছু সেবন করায় যার কারণে আমি ঘুমিয়ে পড়ি। পরবর্তীতে ঘুম থেকে জেগে দেখি আমার লিঙ্গ পরিবর্তনের অপারেশন হয়েছে। মোমেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে সে বিয়ের জন্য আমাকে প্রস্তুত করেছে বলে জানায়। কিন্তু পরবর্তীতে সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে।

হিজড়া মৌসুমি আরও বলেন, এ ছাড়াও মোমেনের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন সময় আমার কাছ থেকে নগদ অন্তত ৫ লাখের অধিক টাকা নেয়। পাশাপাশি সে আমাকে দুইটি সিএনজি কিনে তার মাধ্যমে ভাড়া দেয়ার অনুরোধ করলে সম্পর্কের খাতিরে আমি তাও করি। কিন্তু গত চার বছর ধরে সিএনজি ও সিএনজি ভাড়ার এক টাকাও আমি চোখে দেখিনি।

সবমিলিয়ে সে অন্তত আমার ৩০ লাখ টাকা আত্মসাৎ করেছে। সমপ্রতি তার সঙ্গে সম্পর্কের অবনতি হলে এসব বিষয়ে তার কাছে কৈফিয়ত চাই। এতে সে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে পুলিশ প্রশাসনের কোনো সহায়তাও পাইনি। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, তাকে কেউ হুমকি দিলে প্রাথমিকভাবে জিডি করতে পারে। পরবর্তীতে তদন্তসাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাকে পূর্ণাঙ্গ সহায়তা করা হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন