ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ঠিকাদার ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে উন্নয়নকাজের অগ্রগতি বিষয়ে আলোচনা করেন সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে খোলামেলা এ আলোচনা-পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অগ্রগতি পর্যালোচনায় সভায় ইঞ্জিনিয়ার জোবায়ের হোসেনের সভাপতিত্বে সংসদ সদস্য অধ্যক্ষ মিলন বলেন, আগামী দিনের উন্নয়নকাজের গতি বাড়াতে আমার সার্বিক সহযোগিতা থাকবে। চলমান প্রকল্প ও কার্যক্রমগুলো মানসম্মত সঠিকভাবে শেষ করেন। বিগত দিনে উপজেলার সাধারণ জনগণ রাস্তাঘাট না থাকায় অনেক কষ্ট করেছেন। আপনারা যদি সহযোগিতা করেন উপজেলাবাসী আর কষ্ট করবে না। উপজেলাবাসী আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন এক কেজি চালের জন্য নয়, তাদের যেন কাজকর্ম শেষে কাদামাটির রাস্তা দিয়ে বাড়ি যেতে না হয়।
আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, তাহলে সরকার থেকে যে বরাদ্দ পাবো তার চাইতে বেশি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
এ সময় ঠিকাদার জয়নাল আবেদীন বাদল বলেন, আমরা কাজ করতে গেলে বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হয়ে থাকি, রাস্তার দু’পাশে পুকুর খনন করে রাস্তার ক্ষতি হয়। পরবর্তীতে রাস্তা ভেঙে গেলে অভিযোগের তীর ঠিকাদারের ওপর আসে। দেখা গেছে, সকালে গাইড ওয়ালের কাজ করার পর দুপুরে শুকিয়ে শক্ত হয় না। এদিকে স্থানীয় একজন গাইড ওয়াল থেকে ইট উঠিয়ে ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দিয়ে বলে কাজের মান খারাপ। এমন হলে আমরা কীভাবে কাজ করবো?
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলার প্রায় ৩০ ঠিকাদারসহ উন্নয়ন অগ্রগতি কাজের সঙ্গে জড়িত কর্মকর্তা কর্মচারীরা।
