মাথার ওপর ১৮২ রানের পাহাড় সমান লক্ষ্য। গ্যালারিভর্তি লঙ্কান সমর্থকদের স্তব্ধ করে দিয়ে প্রথম ওভারেই সাজঘরে অভিজ্ঞ কুশল পেরেরা। পাল্লেকেলের আকাশে তখন শঙ্কার কালো মেঘ। কিন্তু পাথুম নিশাঙ্কা যেন পণ করেই নেমেছিলেন। ৫২ বলে খেলা তার শাতরানের অপরাজিত ইনিংসে ১২ বল হাতে রেখেই জয় ছিনিয়ে নিলো শ্রীলঙ্কা। গতকাল দাপুটে জয় দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করে লঙ্কানরা।
রান তাড়া করতে নেমে দলীয় ১ রানে কুশল পেরেরাকে হারায় শ্রীলঙ্কা। তবে সেই চাপকে সামলে নেন নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। দ্বিতীয় উইকেটে এই জুটি স্কোরবোর্ডে যোগ করেন ৯৭ রান। মেন্ডিস ৫১ রান করে আউট হলেও নিশাঙ্কা ছিলেন অবিচল। ১০টি চার ও ৫টি ছক্কায় সাজানো ইনিংসে সেঞ্চুরি তোলে নেন। শেষ দিকে পবন রত্নায়েকে ১৫ বলে ২৮ রান করে নিশাঙ্কাকে যোগ্য সঙ্গ দেন। মার্কাস স্টয়নিস ৪৬ রান দিয়ে দুটি উইকেট নিলেও বাকি অজি বোলাররা ছিলেন নিষ্প্রভ।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ও মিচেল মার্শের ঝড়ো ব্যাটিংয়ে ৫ ওভারেই ৫০ রান তুলে নেয় অজিরা। হেড ৫৬ এবং অধিনায়ক মার্শ ৫৪ রান করে আউট হন। ১০৪ রানে প্রথম উইকেট পড়ার পরে তাসের ঘরের মতো ভেঙে পড়ে অজি ইনিংস। ১২ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন ৩ টপঅর্ডার ব্যাটার। মিডল অর্ডারে ম্যাক্সওয়েল (২২) ও জশ ইংলিস (২৭) থিতু হয়েও ইনিংস লম্বা করতে পারেননি। শেষ ৬ উইকেট তারা হারায় ২১ রানে। লঙ্কান লেগ স্পিনার দুশান হেমন্ত ৩৭ রানে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার রানের চাকা ১৮১ রানে থামান।
