ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

ফন্ট সাইজ:

নড়াইলে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দিবাগত গভীর রাতে নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত স্বামী সাকিব শেখকে গ্রেপ্তার করা হয়। নিহত স্ত্রী খাদিজা আক্তার চাঁদনী (২০) খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। আর সাকিব শেখ (২৫) একই উপজেলার দামোদর মধ্যপাড়ার জাহিদ শেখের ছেলে। প্রায় পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের সাড়ে তিন বছরের একটি ছেলেসন্তান রয়েছে।

চাঁদনীর স্বজনরা জানায়, স্বামী সাকিবকে নিয়ে গত সোমবার খুলনার দামোদর থেকে নড়াইল সদরের বাহিরগ্রাম এলাকায় খালা বাড়ি বেড়াতে আসেন চাঁদনী। কিন্তু সাকিব মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় তাদের প্রায়ই কলহ হতো। এর জেরে মঙ্গলবার মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করে সাকিব। পরে স্বজনরা নড়াইল জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক চাঁদনীকে মৃত ঘোষণা করেন। নড়াইল সদর থানার অজয় কুমার কুণ্ডু বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি ‘দুর্ঘটনা’ বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছিল অভিযুক্ত সাকিব।

তার দাবি, বটি বুকের উপর পড়ে গিয়ে স্ত্রী মারা গেছেন। কিন্তু ঘটনাস্থলের আলামত এবং সাকিবের এলোমেলো কথাবার্তায় তাকে জিজ্ঞাসাবাদ করলে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান জানান, রাতে হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে যায়। এ সময় হত্যায় ব্যবহৃত বঁটিসহ অন্যান্য আলামত জব্দ করা হয়। এ ছাড়া, হত্যায় জড়িত থাকার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন